ভারতের এনআরসি আমাদের (বাংলাদেশ) সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ভারতের এনআরসি যে বিষয়টা আমরা প্রথম থেকেই বলছি, আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং এনআরসি আমাদের স্বার্বভৌমত্বের ওপর হুমকি বলে মনে করছি। অতীতেও আমরা উল্লেখ করেছি, আজকে যে অবস্থা তৈরি হয়েছে- এটা শুধু বাংলাদেশে নয়, সমগ্র উপমহাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, সংঘাত সৃষ্টি করবে। এবং রাজনীতির যে মূল বিষয়গুলো ছিল উদারপন্থী গণতান্ত্রিক রাজনীতি, অসাম্প্রদায়িক রাজনীতি সেই বিষয়গুলো ধ্বংস করে দিয়ে একটি সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য এ ধরনের প্রয়াস চালানো হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, আমাদের স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার যে স্বপ্ন, সেই স্বপ্ন বর্তমান অগণতান্ত্রিক সরকার আজকে ভেঙে খান খান করে দিয়েছে। তারা বাংলাদেশের অর্জনগুলোকে, জাতির অর্জনগুলোকে ধ্বংস করে ফেলেছে। আমরা আজকে একটা গণতন্ত্র বিহীন, জনগণের অধিকার বিহীন একটা অবস্থার মধ্যে বিরাজ করছি।’
বিএনপির এ নেতা বলেন, ‘আজকে যখন আমাদের নেত্রী কারাগারে, যখন আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে, মিথ্যা মামলায় আজকে গণতান্ত্রিক দলগুলোকে স্তব্দ করে দেয়ার চেষ্টা হচ্ছে, বিএনপিকে যখন নির্মূল করার চেষ্টা হচ্ছে সেই সময়ে আজকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা সমস্ত জাতির ঐক্য। আজকে সম্পূর্ণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে সংগ্রাম করতে হবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকে আমাদের এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে দেশের স্বাধীনতাকে স্বার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে আমাদের সংগ্রামের আরও গতি বাড়াব, সংগ্রামকে আরও বেগবান করব। ইনশাআল্লাহ, জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করব।’








