নিউজটি শেয়ার করুন

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’

সিপ্লাস ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব ভারতের অন্ধ্র প্রদেশ এবং প্রতিবেশী ওড়িশার উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে।

রোববার(২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ ওই দুই প্রদেশের উপকূলীয় এলাকায় আছড়ে পড়েছে বলে ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) এক টুইট বার্তায় জানানো হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে আইএমডি বলেছে, ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করে ঘূর্ণিঝড় গুলাব।

এর আগে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তমের মধ্যবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ৯৫ কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে বলে সতর্ক করে দেয়। যদিও রোববার সকালের দিকে এক সতর্কবার্তায় ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছিল আইএমডি।

ভারতের ত্রাণ বিভাগের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান বলেছেন, ওড়িশায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৩টি দল এবং অন্ধ্র প্রদেশে পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় পূর্ব-সতর্কতা হিসেবে পূর্বাঞ্চলে ট্রেন চলাচল বাতিল, পথ পরিবর্তন অথবা সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

ওড়িশার সরকার ইতোমধ্যে রাজ্যের দক্ষিণাঞ্চলীয় এলাকার সাতটি জেলায় লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে। এই এলাকার গ্যানজাম এবং গজপতি জেলায় লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ জোরদার করা হয়েছে।

গত চার মাস আগে ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওড়িশায় আঘাত হানে। ইয়াসের ক্ষত শুকাতে না শুকাতে দ্বিতীয় ঘূর্ণিঝড় গুলাব ওড়িশায় আঘাত হানছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন, উচ্চ-ঝুঁকিপূর্ণ সাত জেলা— গঞ্জাম, গজপতি, কান্ধমাল, কোরাপুট, রায়গড়া, নবারংপুর এবং মালকানগিরিতে ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনও প্রাণহানি না ঘটে সেটি নিশ্চিত করার চেষ্টা চলছে। সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here