সিপ্লাস ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা ভারতে উৎপাদিত হলে তা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশ্বস্ত করেছেন প্রতিবেশী দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
বুধবার এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “আমাদের জন্য বাংলাদেশ সব সময় অগ্রাধিকারে আছে।”
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দুই দিনের সফরে ঢাকায় আসা শ্রিংলা।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে টিকা আবিষ্কারে নেমেছে বিভিন্ন দেশ। এর মধ্যে যুক্তরাজ্য, চীন ও যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের আবিষ্কৃত টিকা তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে।
কোনো টিকার চূড়ান্ত অনুমোদনের আগে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে বিপুল সংখ্যক মানুষের শরীরে প্রয়োগ করে তার ফলাফল দেখতে হয়। পরীক্ষায় নিরাপদ ও কার্যকর প্রমাণিত হলেই সেই টিকা অনুমোদন পায়।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত টিকার পরীক্ষা ও উৎপাদনের সঙ্গে জড়িত হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটি অফ ইন্ডিয়া (এসআইই)। দ্বিতীয় ধাপ থেকেই এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী এই সংস্থা।
ভারত বিশ্বের ৬০ ভাগ টিকা উৎপাদন করে জানিয়ে শ্রিংলা বলেন, “যখন টিকা আবিষ্কার হবে, আমাদের বন্ধু, সহযোগী এবং প্রতিবেশী দেশগুলো এর অংশীদার হবে।”
টিকার বিষয়ে তিনি আরও বলেন, “আমরা টিকা আবিষ্কারের কাজ করছি, যা এখন পরীক্ষার পর্যায়ে রয়েছে। আমরা এক্ষেত্রে উচ্চতর (অ্যাডভান্সড লেভেল) পর্যায়ে রয়েছি।
“আমরা টিকা উৎপাদন করতে যাচ্ছি এবং আমরা বড় পরিসরে তা উৎপাদন করব।”
এদিকে বাংলাদেশের পক্ষ থেকে কোভিড-১৯ টিকার পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, “কোভিড নিয়ন্ত্রণে ভারতের যে প্রচেষ্টা চলছে, আমরা জানি যে কিছু ভ্যাকসিন সেখানে ডেভেলপ করছে এবং ট্রায়ালও শুরু হয়ে গেছে।
“আমরা অফার করেছি যদি সহযোগিতার প্রয়োজন হয়, ট্রায়ালের ক্ষেত্রে, তাহলে আমরা প্রস্তুত আছি।”
ভারত এক্ষেত্রে সাড়া দিয়েছে জানিয়ে মাসুদ বলেন, “তারাও প্রস্তাবে সাড়া দিয়ে বলেছে, যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে, সেগুলো শুধু ভারতের জন্যই নয়, প্রথম দিকেই আমাদের জন্য সেটা অ্যাভেইলেবল করা হবে।
“এবং আমাদের যে ওষুধ কোম্পানিগুলো আছে, তাদেরও সক্ষমতা আছে। সুতরাং তারা ওগুলোতে কোলাবোরেশনের সুযোগ সৃষ্টি করতে পারে, সে ব্যাপারে সহযোগিতা চেয়েছি।”







