নিউজটি শেয়ার করুন

ভারতে কনসার্টে আহত ‘মানিকে মাগে হিতে’র শিল্পী ইয়োহানি

ভারতে কনসার্টে আহত ‘মানিকে মাগে হিতে’র শিল্পী ইয়োহানি

সিপ্লাস ডেস্ক: ‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শ্রীলংকার শিল্পী ইয়োহানি ডি  সিলভা আহত হয়েছেন। ভারতে কনসার্ট করতে গিয়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

নিজের এই আহত হওয়ার খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিজেই। শনিবার নিজের একটি ছবি পোস্ট করেন ২৮ বছর বয়সি ইয়োহানি। যেখানে দেখা গেছে, তার চোখের নিচে আঘাতের চিহ্ন।

ক্যাপশনে শ্রীলংকার  ‘র‌্যাপ প্রিন্সেস’ লিখেছেন—  ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই। মুখে বেশ লেগেছে। আঘাতটা যে এত গুরুতর, সেটি প্রথমে বুঝতে পারিনি।’

ভারতের গণমাধ্যমগুলো খবর— গত ৩০ সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে ছিল তার প্রথম কনসার্ট। সেখানে মঞ্চে আহত হন ইয়োহানি।

তবে এমন আঘাতেও থামছেন না লংকান পপ কুইন। রোববার হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে এই চোট নিয়েই কনসার্ট করবেন তিনি।

ইনস্টাগ্রামে ইয়োহানি লিখেছেন—  ‘শো থামবে না। আমাদের সঙ্গে আজ কী হবে, তা আমাদের কর্মের ওপর নির্ভর করে। আমরা যেভাবে চলি, জীবনও সেভাবেই চলে। যতটা জোরে আমরা ধাক্কা দিই, উল্টে যাই, উড়ি বা যুদ্ধ থামিয়ে দিই; জীবন সেভাবেই বাঁক নেয়। তবে এই ক্ষত আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করে।’

শ্রীলংকার কলম্বোয় জন্ম নেওয়া ইয়োহানির বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা ও মা সাবেক এয়ার হোস্টেস। এ গায়িকাকে শ্রীলংকার ‘র্যাপ প্রিন্সেস’ বলে অভিহিত করা হয়। সংগীতে তার যাত্রা ইউটিউবার হিসেবে।
২০১৬ সালে তিনি ইউটিউব চ্যানেল খোলার পর গান প্রকাশ করতে থাকেন।  ইউটিউবে তার সাবস্ক্রাইবার ২.৭১ মিলিয়ন।

ইয়োহানি সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পাওয়া গান ‘ম্যানিকে মাকে হিতে’, যা ভারত ও বাংলাদেশে বেশ সাড়া ফেলেছে। ভারতে হিন্দি, তামিল, তেলেগু ভাষায় এর সংস্করণ প্রকাশ হয়েছে। অসংখ্য সংগীতপ্রেমী গানটি নিজের মতো করে কভার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here