ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।ভাইরাসের বিস্তার বাড়দে থাকায় রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন একটি ইতালীয় পর্যটক দলের ১৬ জন এবং তাদের সঙ্গে থাকা এক ভারতীয় গাড়িচালকও।
এর আগে আগরার ছয় বাসিন্দা করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। দিল্লি এবং হায়দরাবাদেও দুইজন আক্রান্ত হন। এ তালিকায় রয়েছেন কেরালার আরো তিনজনও। যদিও তারা আগেই ভাইরাসমুক্ত হয়েছেন।
সব মিলিয়ে গত তিনদিনের হিসাব ধরলে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৮ জনে। ইতালীয় পর্যটক দলটিকে দিল্লির হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। মোট ২৩ জনের ইতালীয় পর্যটকের দল ফেব্রুয়ারি মাসে ভারতে পা রেখেছিল। ওই দলটি রাজস্থান ভ্রমণে গিয়েছিল। মঙ্গলবার তাদের মধ্যে এক জনের করোনাভাইরাস ধরা পড়ে।
আনন্দাবাজার পত্রিকা জানায়, ভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়তে থাকায় এ বছরের হোলি অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইট করে মোদী জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বড় জমায়েতে অংশগ্রহণ নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। সে পরামর্শ মেনেই হোলিতে যোগ দিচ্ছেন না তিনি। অথচ মঙ্গলবারই মোদী করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতবাসীকে।
চিন থেকে ভারতীয়দের ফেরানো, সব আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং থেকে শুরু করে সন্দেহভাজনদের আলাদা করে রাখার মতো সবধরনের প্রস্তুতি নিয়েও করোনাভাইরাসের প্রভাবমুক্ত হতে পারেনি ভারত। সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারপরেই প্রধানমন্ত্রী ওই টুইট বার্তা দিলেন।








