করোনাভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে কারফিউর কারণে দেশটির পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আমদানি বন্ধ রয়েছে।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে উদ্বেগের প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জনতার কাছে প্রথম পর্যায়ে ১৪ ঘণ্টা স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছিলেন।
ভারতের প্রেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “করোনা সংক্রমণ রোধে গোটা ভারতজুড়ে রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘জনতা কারফিউ’ চলছে। আর এ কারণে রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কাজে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক,কর্মচারী,হ্যান্ডলিং শ্রমিক, ট্রান্সপোর্ট শ্রমিকরা স্বেচ্ছায় ঘরবন্দি রয়েছেন। ফলে দুই বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।”
সোমবার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি চলবে বলে জানান তিনি।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার নাশিদুল হক বলেন,“রোববার সকাল থেকে ভারতে ‘জনতার কারফিউতে’ বন্দর ব্যবহারকারীরা স্বেচ্ছায় ঘর বন্দি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।তবে বেনাপোল বন্দরের পণ্য উঠানামা ও খালাস প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে এবং ভারত থেকে আসা ট্রাক পণ্য খালি করে ভারতে ফিরে যেতে পারবে।”
একদিন বাণিজ্য বন্ধ থাকায় উভয় দেশের বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়বে বলে তিনি জানান।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, ওপারে জনতার কারফিউ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে ।

