সিপ্লাস ডেস্ক: যুক্তরাজ্য ও বাহরাইনে অনুমোদন পাওয়ার পর এবার ভারতে ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে অনুমতি চাইলো মার্কিন ভ্যাকসিন নির্মাতা সংস্থা ফাইজার। এই প্রথম কোনও সংস্থার পক্ষ থেকে ভারতে ভ্যাকসিনের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে অনুমতি চাওয়া হলো।
ভারতে ভ্যাকসিন বিক্রি ও বণ্টন করতে অনুমোদন চেয়েছে ফাইজার। ২০১৯ সালের নিউ ড্রাগস এন্ড ক্লিক্যাল ট্রায়ালের আওতায় ভারতে ভ্যাকসিনের প্রয়োগজনিত পরীক্ষা করতে আগ্রহী ফাইজার। এ জন্যই জরুরি ভিত্তিতে অনুমতি চাওয়া হয়েছে বলে জানা গেছে।
ভারতে ভ্যাকসিন প্রয়োগের আগে প্রয়োগজনিত পরীক্ষা আবশ্যক। ফাইজার ভারতে এখনও ভ্যাকসিনের ট্রায়াল বা প্রয়োগজনিত পরীক্ষা করেনি। তবে, প্রয়োজনে ট্রায়াল ছাড়াও ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিতে পারে ড্রাগ কন্ট্রোলার জেনারেল।
গত বুধবারই বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এ সপ্তাহ থেকেই সে দেশে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকার। যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানিয়েছে, করোনা সংক্রান্ত অসুস্থতার ক্ষেত্রে ৯৫ শতাংশ সুরক্ষাপ্রদানকারী এই ভ্যাকসিন, যা চালু করার ক্ষেত্রে নিরাপদ।
কিছুদিন আগেই ফাইজারের তৃতীয় দফার ট্রায়ালের ফলাফলে দেখা যায় ৯৪ শতাংশের বেশি কার্যকরি এই ভ্যাকসিন। তারপরই অপেক্ষায় ছিল গোটা পৃথিবী। জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক স্থানে আবেদন জানায় ফাইজার। তার মধ্যে সবার আগে অনুমোদন দেয় যুক্তরাজ্য।
প্রসঙ্গত, এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র থেকে ছাড়পত্র পায়নি ফাইজার-বাওয়োটেকের ভ্যাকসিন।








