বিশ্বের অন্তত ১০৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থাবা বসিয়েছে ভারতেও।
জানা গেছে, ৪০ আক্রান্তের মধ্যে রয়েছে তিন বছরের এক শিশু রয়েছে।
সোমবার এ তথ্য দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ হয়েছে।
এদিকে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতের কেরালা রাজ্যে ৩ বছর বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই শিশুকে পরীক্ষার পর তার দেহে এই ভাইরাসের সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।
করোনায় আক্রান্ত ওই শিশু কিছুদিন আগে তার পরিবারের সঙ্গে ইতালি বেড়াতে গিয়েছিল। গত শনিবার দেশে ফিরে আসলে কোচি বিমানবন্দরে তাদের করোনা ভাইরাস সংক্রান্ত স্ক্রিনিং হয়। সেখানেই শিশুটির দেহে ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে।
৩ বছর বয়সী শিশুর করোনায় আক্রান্ত হওয়ার আগে রোববার একই রাজ্যে একই পরিবারের ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এ বিষয়ে কেরালার স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে জানান, রোববার আক্রান্ত হওয়া ৩ ভারতীয় সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছেন। কিন্তু সরাসরি ইতালি থেকে না আসায় তাদের বিষয়ে সেভাবে জানা যায়নি। তারা নিজেরা্ও বিমানবন্দরে সেই কথা জানাননি।
এদিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি এক রোগীর মৃত্যু হয়েছে। সম্প্রতি ইরানে গিয়েছিলেন ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি।
দেশে ফেরার পরে করোনাভাইরেসের লক্ষণ নিয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার আগেই রোববার হাসপাতালেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। ওই ব্যক্তির গ্রাম ঘিরে রাখা হয়েছে।
লাদাখ প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে সাবেক পুলিশ সদস্য মোহাম্মদ আলীকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আরও নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
এদিকে সৌদি আরব থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফেরা এক যুবকের মৃত্যু হয়েছে রোববার। প্রায় পাঁচ বছর ধরে সৌদিতে ছিলেন ওই যুবক। শনিবার মুর্শিদাবাদে ফেরেন তিনি। এরপর থেকেই তার জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়।
মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে ভর্তি করা হয়েছিল। রোববার তার মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। দুই মাস পেরুতেই বিশ্বের অন্তত ১০৭টি দেশ ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮২৮ জন। আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ১০ হাজার ৫৬ জন। এর মধ্যে ৬২ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সূত্র: লাইভমিন্ট ডট কম








