সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস মহামারীর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাদের এ বৈঠক শুরু হয়। শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে এবং নরেন্দ্র মোদী দিল্লিতে তার দপ্তর থেকে এ বৈঠকে অংশ নিচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এর আগে জানিয়েছিলেন, বিভিন্ন খাতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে দ্বিপক্ষীয় এ বৈঠকে।
এছাড়া দুই প্রধানমন্ত্রীর মধ্যে এই ভার্চুয়াল বৈঠকের সময় ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগেরও উদ্বোধন হবে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ওই রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছিল।
অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, যোগাযোগ, বিদ্যুৎ ও রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্বিপক্ষীয় এই বৈঠকে তোলা হবে বলে এর আগে জানিয়েছিলেন মোমেন।
সেইসঙ্গে করোনাভাইরাস মহামারীতে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।







