সিপ্লাস ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে লেকের মধ্যে পানিতে ডুবে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
তিন শিশুর মধ্যে দুই ভাই মো. আনিসুর রহমান আনাস (৬) ও মো. জামাল হোসেন (৯) এবং আরেক শিশু মো. হাফসা (৫)।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আনিসুর রহমান ও জামাল হোসেন রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার- ৫৪, রুম নং- বি- ৯/১০ এর দলিলুর রহমানের ছেলে। আর মো.হাফসা একই ক্লাস্টারে রুম নং- বি-১১/১২ এর আব্দুর সবুরের ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রোহিঙ্গা চার শিশু চেয়ারম্যানের দীঘি নামক স্থানে লেকে খেলতে যায়। সেখানে লেকের পানিতে ডুবে যায় তিন শিশু। এ সময় তাদের সঙ্গে থাকা শিশু হাফসার ভাই মো. জুনায়েদ (৬) তা দেখে দৌড়ে এসে কাছের ক্লাস্টারের রোহিঙ্গাদের ঘটনা জানায়। খোঁজাখুঁজি করে এর দুই ঘণ্টা পর স্থানীয় রোহিঙ্গারা সকাল সাড়ে ১১টার দিকে আনিসুর রহমান, মো. জামাল হোসেন ও মো. হাফসাকে ডুবন্ত অবস্থায় পানি হতে উদ্ধার করে ভাসানচর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

