নিউজটি শেয়ার করুন

ভুয়া ডাক্তার আটক

নগরীর পাহাড়তলী থানার কালী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় সজীব মেডিক্যাল হল থেকে সজীব দাশ রুপন (২৯) নামের ওই ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালত আটক করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, এসএসসি পাস করা সজীব নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নিয়মিত রোগী দেখতেন। তাকে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযানের খবরে ওই এলাকার চন্দ্রিকা মেডিক্যাল হল থেকে বিমল দাস নামের আরেক ভুয়া ডাক্তার পালিয়ে গেছে। চন্দ্রিকা মেডিক্যাল হলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবারের অভিযানে মেয়াদোর্ত্তীণ ওষুদ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় কালী বাড়ি এলাকার মেডিক্যাল প্লাস ফার্মেসিকে ৩ হাজার এবং স্বাগত ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

অভিযানে অংশ নেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. আকিব হোসেন, তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান, কামরুল হাসান, পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম।