ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে ভূজপুরে ডজন মামলার আসামী ইয়াবা কারবারী মোঃ সুমন (৩৫)কে অস্ত্রসহ গতকাল রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে তার শয়ন কক্ষ হতে ১ টি দেশীয় তৈরী বন্ধুক, ১ টি পাইপগান (যাতে ৩০৩ রাইফেলের গুলি ব্যবহৃত হয়), ০৬ রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি, ৩টি ১২ বোর কার্তুজ, ১৫০পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।
তিনি দাতঁমারা ইউপির পশ্চিম সিকদারখীল এলাকার জনৈক আব্বাসের পুত্র।
মোঃ সুমন (৩৫) দীর্ঘদিন ধরে ভূজপুর থানা এলাকা এবং মীরশ্বরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় ডাকাতি, মাদক কারবারের সাথে যুক্ত বলে জানা গেছে।
সুমনের বিরুদ্ধে ভূজপুর ও জোরারগঞ্জ থানায় ১২টি মাদক মামলা, ১টি অস্ত্র মামলা ও সরকারি কর্মচারির উপর হামলার ১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আগের ১৪টি মামলা। আজ নতুন করে একটি অস্ত্র মামলা, একটি মাদক মামলাসহ মোট ১৬টি মামলা হয়েছে তার বিরুদ্ধে।
সুমনের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক সোহরাওয়ার্দী বাদী হয়ে ১টি অস্ত্র মামলা এবং ১টি মাদক মামলা দায়ের শেষে কোর্টে প্রেরণ করলে তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, গত বছর উক্ত সুমনকে হেঁয়াকো ক্যাম্পের বিজিবি গোয়েন্দা সদস্য নায়েক সোহেল আটক করতে চাইলে সাথে থাকা চাকু দিয়ে সোহেলকে কুপিয়ে আহত করে সুমন। সে ঘটনায় সুমন দীর্ঘদিন জেলে ছিল।
এ ব্যাপারে দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী বলেন- গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে আগের ১৪ টি মামলা, আজ একটি অস্ত্র মামলা একটি মামলাসহ দুটি মামলা রুজু করা হয়েছে।








