সিপ্লাস ডেস্ক: লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌযানডুবিতে কমপক্ষে ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।
বুধবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সে দেশের কোস্টগার্ড সাগর থেকে ৩৮০ জনের বেশি আরোহীকে উদ্ধার করেছে।
রেড ক্রিসেন্ট জানায়, লিবিয়ার উত্তর পশ্চিম উপকূলের জুয়ারা থেকে সিরিয়া , মিশর, সুদান, মালি ও বাংলাদেশের অভিবাসীদের নিয়ে রওয়ানা দেয় নৌযানটি।
সংস্থার কর্মকর্তা মংগি স্লিম বলেন, ১৭জন বাঙালি মারা গেছে এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে যারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের পথে রওয়ানা হয়েছিল।
তবে মৃত কারও নাম-পরিচয় জানা যায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে তিউনিসিয়ার উপকূলে বেশ কয়েকটি নৌযানডুবির ঘটনা ঘটেছে।








