নিউজটি শেয়ার করুন

ভোটারদের উপহার পাঠিয়ে ফাঁসলেন জাপানের বাণিজ্য মন্ত্রী

লিবারেল ডেমোক্রেটিক পার্টির এ রাজনীতিবিদ তার সংসদীয় এলাকার ভোটারদের দামি বাঙ্গি, কমলা, মাছের ডিম এবং রয়েল জেলির মতো উপহার পাঠিয়েছিলেন; মৃত এক সমর্থকের পরিবারকে ইশু ২০ হাজার ইয়েন দেয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ দেশটির গণমাধ্যমগুলোর।

জাপানের নির্বাচনী আইনে নিজের সংসদীয় আসনের ভোটারদের অর্থ ও অন্যান্য উপহার দেয়া নিষিদ্ধ বলে বিবিসি জানিয়েছে।

ইশুর বিরুদ্ধে এ অভিযোগগুলো প্রথম হাজির করে জাপানের সাপ্তাহিক ম্যাগাজিন শুকান বুনশান। ইশুর সচিব মৃত ওই সমর্থকের পরিবারকে ২০ হাজার ইয়েন (১৮৫ ডলার) দেয়ার প্রস্তাব দেন বলেও জানায় তারা।

জাপানে মৃত ব্যক্তিদের পরিবারকে অর্থ দেয়ার চল আছে।

বাণিজ্য মন্ত্রীর কার্যালয় থেকে তার সংসদীয় আসনের ভোটারদের পাঠানো কড মাছের ডিম ও কমলাসহ বিভিন্ন উপহারের তালিকাও প্রকাশ করেছে শুকান ম্যাগাজিন। উপহারগ্রহীতাদের পাঠানো ‘ধন্যবাদ বার্তা’ও ছেপে দিয়েছে তারা।

নিকেই এশিয়ান রিভিউকে শুক্রবার ইশু জানান, নির্বাচনী আইন লংঘন করেছেন কিনা, তা নিশ্চিত না হলেও তিনি পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

“আমার সমস্যার কারণে পার্লামেন্টের কর্মকাণ্ড শ্লথ হয়ে যাক, তা চাইনা আমি,” বলেছেন তিনি।

ইশুর পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

“তাকে নিয়োগের দায় নিচ্ছি আমি। জাপানের জনগণের কাছে ক্ষমা চাইছি,” বলেছেন তিনি।