নিউজটি শেয়ার করুন

ভোটের প্রচারে বিধি মানার আহ্বান মেয়র নাছিরের

বুধবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে সিসিসির ৫৬তম সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান।

নাছির বলেন, ”আচরণবিধি মেনে চললে শুধু নির্বাচনী পরিবেশের জন্য নয়, প্রার্থীদের জন্যও ভালো হবে। আচরণবিধির সুষ্ঠু প্রতিপালন নির্বাচনী পরিবেশের গুরুত্বপূর্ণ একটি অত্যাবশ্যকীয় শর্ত।”

তিনি বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেজন্য প্রার্থী ও তাদের সমর্থকদের কিছু নিয়মকানুন মেনে চলা বাঞ্ছনীয়।

“এমনকি তাদের প্রচার-প্রচারণায় এবং বিভিন্ন কার্যক্রমে বেশ কিছু যে বিধিনিষেধ আছে সেগুলো যথাযথভাবে অনুশীলন করা না হলে নির্বাচনের ফলাফলে অনভিপ্রেত প্রভাব পড়ে।”

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাননি গত পাঁচ বছর দায়িত্ব পালন করে আসা নাছির। তার বদলে নৌকার মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির সভায় বলেন, “নির্বাচনী আইন ও বিধিমালা শুধু ভোট গ্রহণ বা ভোটকেন্দ্র নিয়ে নয়, ভোটের আগে থেকে পরে সব ক্ষেত্রই এর আওতাভুক্ত। তাই সুষ্ঠু ভোটের জন্য আবশ্যিক নির্বাচন বিধিমালা সবার মেনে চলা উচিত।”

মুজিববর্ষ উপলক্ষে নগরীর প্রতিটি সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সব ভবন আলোকসজ্জিত করতে মালিকদের প্রতি অনুরোধ জানান মেয়র।

তিনি বলেন, “মুজিব বর্ষ উপলক্ষে নেওয়া কর্মসূচি প্রতিপালনে কার্পণ্য করা যাবে না। তাই ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ বিনির্মাণে সিটি করপোরেশন স্বল্প ও মধ্যমমেয়াদী কর্মসূচি গ্রহণ করেছে।”

এ কর্মসূচির আওতায় নগরীর ৪১টি ওয়ার্ডে ১০টি সেলের মাধ্যমে ১৭ মার্চ রাত ৮টায় আতশবাতি জ্বালানো এবং একই সময়ে ১৫টি স্থান থেকে ফানুস ওড়ানো হবে বলেও সভায় জানানো হয়।

মেয়র নাছির বলেন, ১৭ই মার্চ জাতির জনকের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপনে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। সেখানে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ১৫ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে ১০১০ জন শিক্ষার্থী অংশ নেবে মুজিব কোট পরে।

অন্যদের মধ্যে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, সচিব আবু শাহেদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম এবং কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা সাধারণ সভায় উপস্থিত ছিলেন।