নিউজটি শেয়ার করুন

ভ্যাট আদায়ের নামে পটিয়ায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

পটিয়া প্রতিনিধি: ভ্যাট আদায়ের নামে পটিয়ায় এক ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ ওঠেছে।

পটিয়া পৌর সদরের থানার মোড় এলাকার আল মদিনা হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক মো. ফরিদ রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।

কাস্টমস এক্সসাইজ (ভ্যাট) পটিয়া সার্কেল থানার মোড় এলাকার আল মদিনা হোটেলে ভ্যাট মেশিন বসানোর জন্য মালিককে চাপ প্রয়োগ করছে।

জানা গেছে, ভ্যাট অফিস পটিয়ার অধীনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় করলেও সম্প্রতি অভিজাত রেষ্টুরেন্টে ভ্যাট মেশিনের মাধ্যমে ভ্যাট আদায় করা হচ্ছে। আল মদিনা হোটেল নিম্নশ্রেণীর মানুষের একটি হোটেল।

হোটেল মালিক মো. ফরিদ জানিয়েছেন, পৌর সদরে বেশ কয়েকটি শীতাতাপ নিয়ন্ত্রিত অভিজাত হোটেল রয়েছে। ভ্যাট অফিস কয়েকটিতে ইতোমধ্যে ভ্যাট মেশিন বসান। কিন্তু অদৃশ্য কারণে নিম্নশ্রেণীর মানুষের হোটেলে ভ্যাট মেশিন বসানোর জন্য মালিককে চাপ সৃষ্টি করছে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। মূলত এক ব্যবসায়ী নেতা ভ্যাট অফিসকে বিভ্রান্তি করে ভ্যাট মেশিন বসানোর জন্য জন্য উস্কানি দিচ্ছে।

তিনি জানান, হোটেলের আয় থেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের মধ্যে আর্থিক সাহায্য সহযোগিতা করে থাকেন। তবে এখানে নিম্নশ্রেণীর অনেক হোটেল থাকলেও শুধুমাত্র আমার হোটেলে মেশিন বসানোর জন্য যড়যন্ত্র করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ জানিয়েছেন, জোরপূর্বক হোটেলে ভ্যাট মেশিন বসানোর চেষ্টা সংক্রান্তে একটি অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নিবেন।

ভ্যাট অফিস পটিয়া সার্কেলের সুপারিটেনডেন্ট প্রদীপ কুমার মল্লিক জানিয়েছেন, কাউকে হয়রানি করতে জোরপুর্বক ভ্যাট মেশিন বসানো তাদের কাজ নয়। ইতোমধ্যে পটিয়াতে ২টি অভিজাত রেস্টুরেন্টে মেশিন বসানো হয়েছে। ধারাবাহিকভাবে হোটেলেও মেশিনের মাধ্যমে ভ্যাট আদায় করা হবে। গত মাসে ৩ কোটি ৫৩ লাখ টাকা ভ্যাট আদায় করা হয়েছে।