Site icon CPLUSBD.COM

ভ্রমণ ভিসায় দুবাই যাওয়া বন্ধ

ভ্রমণ ভিসায় দুবাই যাওয়া বন্ধ
সিপ্লাস প্রতিবেদক: ভ্রমণ ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে দুবাই যাত্রীদের বহি: ইমিগ্রেশন সম্পন্ন করা যাবে না।
অর্থাৎ ভ্রমণ ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে দুবাই যাওয়া বন্ধ।
এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল ইনচার্জ ও সিলিং অফিসারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অফিস আদেশ জারি করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ মুহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, নির্দেশনার কোন ব্যতয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২২ সেপ্টেম্বর স্বাক্ষরিত আদেশে আরও উল্লেখ করা হয়-
১. ভ্রমণ ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যে সকল বাংলাদেশী যাত্রীগণ দুবাই যাওয়ার জন্য বহির্গমণ টার্মিনালে আসবেন সে সব যাত্রীদের বহিঃ ইমেঃ সম্পন্ন হবে না।
২. শুধুওমাত্র প্রকৃত ভ্রমণকারী (বিশিষ্ট ব্যবসায়ী/সরকারী কর্মকর্তা ও কর্মচারী/এমপি,মন্ত্রী/বিশিষ্ট রাজনীতীবিদ/বিশিষ্ট পেশাজীবী)’দের ক্ষেত্রে ভ্রমণ ভিসা দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করা যাবে।
৩. যে সকল যাত্রীগণ ইতোপূর্বে দুবাই কাজের ভিসা নিয়ে/রেসিডেন্স ভিসা নিয়ে অবস্থান করেছিলো প্রযোজ্য ক্ষেত্রে ইমিগ্রেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সেসব ভ্রমনণকারীদের ইমিগ্রেশন সম্পন্ন করা যেতে পারে।
৪. যাদের বৈধ রেসিডেন্স ভিসা/কাজের ভিসা (বিএমইটি কার্ড) আছে তাদের বহির্গমনের ক্ষেত্রে কোন বাঁধা থাকবে না। উপরোক্ত নির্দেশনা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বলবত থাকবে এবং টার্মিনাল ইনচার্জ ও সিলিং অফিসারসহ সকলকে অবগত করে প্রতিপালন করার জন্য বলা হলো। এই নির্দেশনায় কোনরূপ ব্যতয় হলে সংশ্লিষ্টদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেনের কাছে সিপ্লাস প্রতিবেদক জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, সম্প্রতি অনেক বাংলাদেশী মধ্যপ্রাচ্য হয়ে ভূমধ্যসাগড় পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশ করতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। আন্তর্জাতিক মিডিয়াতে যা অনেকবার শিরোনাম হয়। গত বছর যত বাংলাদেশী ভিজিট ভিসায় আরব আমিরাতে গেছেন তাদের অধিকাংশই আর দেশে ফেরেনি। এদের অনেকেই এখন সেখানে অবৈধ হয়ে গেছেন। এসব ঘটনা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। কেউ যদি ওয়ার্ক পারমিট নিয়ে আমিরাতে যেতে চায় তো সহজেই যেতে পারবে। সেক্ষেত্রে কোন বাঁধা নেই বলে তিনি সিপ্লাসকে জানান।