Site icon CPLUSBD.COM

ভ্রূণ হত্যার অভিযোগে চট্টগ্রামে প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

ভ্রূণ হত্যার অভিযোগে চট্টগ্রামে প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ভ্রূণ হত্যার অভিযোগে প্রবাসী স্বামী কাজী সফিউল আলমের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী সাজু আক্তার।

বুধবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটি করেন স্ত্রী সাজু আক্তার।

আদালত মামলাটি আমলে নিয়ে এবং তদন্তের জন্য চান্দগাঁও থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ।

মামলার অভিযোগে বলা হয়, জেলার রাঙ্গুনিয়া থানার খিলমোগল খামারিপাড়া হোসনাবাদ এলাকার কাজী সফিউল আলমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় উত্তর পদুয়া পশ্চিম খুরুশিয়ার সাজু আক্তারের। বিয়ের পর অন্তঃসত্ত্বা হলে জ্বর, সর্দির ওষুধের কথা বলে সাজুকে গর্ভপাত করানো হয়। শ্বশুরবাড়ির লোকজন আবার সন্তান না নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তাঁদের অত্যাচারে গত বছরের জুলাইয়ে সাজু নগরের বহদ্দারহাটে তাঁর বোনের বাসায় চলে আসেন। এ বছরের আগস্টে স্বামী সফিউলও সেই বাসায় এসে ওঠেন। একপর্যায়ে সাজু সন্তানসম্ভবা হলে স্বামী গর্ভপাতের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু সাজু রাজি না হওয়ায় স্বামী তাঁকে তালাকের হুমকি দিয়ে বাসা থেকে চলে যান।