ভয়ঙ্কর এক বিস্ফোরণে কেঁপে উঠল নাইজেরিয়ার একটি শহর।
ওই বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও অনেক হতাহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫০টিরও বেশি ভবন ধসে পড়েছে।
স্থানীয় সময় রোববার নাইজেরিয়ার লাগোসের আবুলে আদো এলাকার পাইপলাইনের কাছে প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে নাইজেরিয়ার ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (এনএনপিসি)।
বার্তা সংস্থা রয়েটার্স জানায়, রোববার সকালে প্ল্যান্টে জড়ো করে রাখা কিছু সিলিন্ডারকে একটি ট্রাক ধাক্কা দিলে এ বিস্ফোরণ ঘটে। ভয়াবহ সেই বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে অনেকগুলো ধসে পড়ে।
ঘটনার বিবৃতি দিয়ে আহত এক প্রত্যক্ষদর্শী জানান, ‘হঠাৎ বিকট শব্দে তার পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। চোখের সামনে কয়েক তলা ভবনও কেঁপে ওঠে। এর পর কিছু বাড়ির ছাদসহ ধসে পড়ে। ভয়াবহ সেই দৃশ্যের রেশ কাটতে না কাটতে প্ল্যান্ট ও এর আশপাশের এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় তার মতো অনেক উৎসুক মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। এরই মধ্যে দমকল বাহিনীর সদস্যরা ছুটে এসে আগুন নেভাতে শুরু করেন। এ ঘটনায় অনেকেই নিহত ও আহত হয়েছেন।’
বিস্ফোরণে আহতদের লাগোসের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) ইব্রাহিম ফারিনলোয়ে।
ফারিনলোয়ে বলেন, ‘বিস্ফোরণ এবং এর পর ছড়িয়ে পড়া আগুনে প্ল্যান্টের আশপাশের ৫০টিরও বেশি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব ভবনের বাসিন্দাদের অনেকে গুরুতর আহত হয়েছেন।’
এদিকে বিস্ফোরণের পর পর বিবৃতি দিয়েছে নাইজেরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি এনএনপিসি।
সেখানে বলা হয়েছে, এ বিস্ফোরণে পেট্রোলিয়াম কর্পোরেশনের পাইপলাইনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে অ্যাটলাস কোভে-মোসিমি পাইপলাইনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ থাকলেও তা লাগোস এবং আশপাশের এলাকায় জ্বালানি পণ্যের স্বাভাবিক সরবরাহে বিঘ্ন ঘটবে না।








