সিপ্লাস ডেস্ক: আগামীকাল মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস।
‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’— এ প্রতিপাদ্যকে ধারণ করে নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশে এ দিবসটি পালন করা হবে।
নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে দিনটি পালনের পাশাপাশি ইসির মাঠ প্রশাসনেও ভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তবে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে কর্মসূচি কিছুটা সীমিত করা হচ্ছে।
এ দিনটিতে ২০২০ সালের হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (১ মার্চ) নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার দিবসে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনের চত্বর হতে সকালে বেলুন উড়িয়ে ভোটার দিবস উদযাপন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে। এরপর অডিটরিয়ামে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া বিকাল তিনটায় প্রধান নির্বাচন কমিশনার সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করবেন।
দিবসটি উপলক্ষে নির্বাচন ভবন ও মাঠপর্যায়ের অফিসগুলো ইতোমধ্যে আলোকসজ্জা করা হয়েছে এবং ভবনের সামনের রাস্তা ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
২০১৯ সালের ১ মার্চ দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করে। এরপর ১ মার্চের পরিবর্তে ২ মার্চ জাতীয় ভোটার দিবস ঘোষণা করে সরকার। এ বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হতে যাচ্ছে।
এ বছর তৃতীয়বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হচ্ছে।








