সিপ্লাস ডেস্ক: গত ২০ আগস্ট ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্রান্ডহোম এবং ফিন অ্যালেন। তাদের সঙ্গে এসেছিলেন একজন পর্যবেক্ষক দলের সদস্যও। এর আগে ১৭ আগস্ট বাংলাদেশে পা রেখেছেন নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের দুই সদস্য। বাংলাদেশে আসার পর থেকেই তারা রুম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ থেকেই শেষ হচ্ছে তাদের কোয়ারেন্টাইন। এ ছাড়া মঙ্গলবার বাংলাদেশে আসবে নিউজিল্যান্ডের পুরো দল। সেই সঙ্গে বাংলাদেশ দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা ২৪ আগস্ট থেকে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এর আগে ২২ ও ২৩ আগস্ট হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা, ম্যাচ অফিসিয়ালরা ২২ এবং ২৩ তারিখ রুম কোয়ারেন্টাইন শেষ করে ২৪ তারিখ থেকে বাবলে প্রবেশ করবেন। নিউজিল্যান্ডের প্রতিনিধি দলের দুই জন সদস্য ১৭ তারিখ। আর একজন সদস্য ২০ তারিখে বাংলাদেশে এসেছেন। ২০ তারিখ ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ডের দুজন খেলোয়াড় এসেছেন। সবাই এই পর্যন্ত হোটেলে রুম কোয়ারেন্টাইনে আছেন। ২৩ তারিখ আজকে হোটেল কতৃপক্ষ বিসিবি এবং নিউজিল্যান্ডকে হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দেবে।’
২২ ও ২৩ আগস্ট একদফা করোনা পরীক্ষা করা হবে সংশ্লিষ্ট সবার। এরপর ২৪ আগস্ট থেকে কোয়ারেন্টাইন শুরুর পর আরও দুই দফা করোনা পরীক্ষা দিতে হবে সবার। পরীক্ষায় সবার ফলাফল নেগিটিভ এলেই কেবল ২৭ আগস্ট থেকে দুই দলের ক্রিকেটাররাই অনুশীলনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক।








