সিপ্লাস প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের অর্ধ শতাধিক গ্রামে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার মির্জাখীল দরবার শরীফের অনুসারিরা তারাবির নামাজ আদায় করেছেন।
সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারি চন্দনাইশ, লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলার অর্ধশতাধিক গ্রামের লাখো মুসল্লি ভোরে সেহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা রাখবেন। এছাড়া একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মির্জাখীল দরবার শরীফের অনুসারিরা রোজার আনুষ্ঠানিকতা শুরু করছেন।
মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মাছউদুর রহমান জানিয়েছেন, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে প্রতিবছর আরব বিশ্বের সঙ্গে রোজা, ঈদ পালন করি। আরব বিশ্বের সাথে সাথে আজ আমরাও রোজা শুরু করছি। গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজ অনুষ্ঠিত হচ্ছে।








