Site icon CPLUSBD.COM

মডার্নার কোভিড ভ্যাকসিন ‘৯৪.৫ শতাংশ কার্যকর’

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে তৈরি সম্ভাব্য ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ ক্ষেত্রে কার্যকর বলে দাবি করেছে ভ্যাকসিনটির প্রস্তুতকারক মার্কিন জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। ভ্যাকসিনটির তৃতীয় ধাপে চালানো পরীক্ষার পর প্রাপ্ত প্রাথমিক ফলাফলের বরাত দিয়ে প্রতিষ্ঠানটি এমন দাবি করেছে।

বিবিসি প্রতিবেদনে জানায়, প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটি প্রায় ২ কোটি ভ্যাকসিন উৎপাদন করবে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ছাড়াও মডার্না অন্যান্য দেশগুলোতেও নিজেদের ভ্যাকসিনটি অনুমোদনের জন্য চেষ্টা করছে। আগামী বছরের মধ্যে তারা সমগ্র বিশ্বে ১০০ কোটি ভ্যাকসিন উৎপাদন করার কথা জানিয়েছে।

মডার্নার প্রধান মেডিকেল কর্মকর্তা ট্যাল জেক বলেন, ‘ভ্যাকসিনটির কার্যকরিতা অবিশ্বাস্য। এটি আমাদের জন্য স্মরণীয় একটি দিন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা এটি মানব দেহে প্রয়োগের জন্য আবেদন করব।’

চার সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ হাজার করোনা রোগীর শরীরে ট্রায়াল হিসেবে এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছিল। ট্রায়াল পরবর্তী বিশ্লেষণে দেখা যায় ভ্যাকসিনটি ৯৪.৫ শতাংশ কার্যকরী।

এর আগে দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে যুক্তরাষ্ট্রের ফাইজার ভ্যাকসিনের ৯০ শতাংশ ও রাশিয়ার স্পুটিনিক-ভি ভ্যাকসিনের ৯২ শতাংশ কার্যকরিতার প্রমাণ মিলে। এসব ভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহনকারীর জটিল কোন স্বাস্থ্য সমস্যা না হলেও, কোন প্রতিষ্ঠানই তাদের ভ্যাকসিনকে শতভাগ নিরাপদ হিসেবে ঘোষনা করতে পারেনি। এছাড়া ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেয়া কিছু রোগী বলছেন, ভ্যাকসিন শরীরে প্রবেশের পর তারা মাথাব্যাথা, জ্বর ও অবসাদে ভুগেছেন।