Site icon CPLUSBD.COM

মধ্যবিত্তদের জন্য হটলাইন চালু করেছে সরফভাটা ফ্রেন্ডস গ্রুপ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার নিম্নবিত্ত শ্রমজীবীদের পাশাপাশি মধ্যবিত্তদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সরফভাটা ফ্রেন্ডস গ্রুপ নামে একটি সামাজিক সংগঠন।

মধ্যবিত্তরা সংগঠনটির নির্দিষ্ট নাম্বারে ফোন দিলেই ত্রাণ সহায়তা নিয়ে ঘরে হাজির হবেন ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা। সহায়তা নেওয়া মধ্যবিত্তরা যাতে সামাজিক ভাবে হেয় কিংবা লজ্জার স্বীকার না হয় সেজন্য কোন ছবি তোলা ছাড়াই রাতের আঁধারে ঘরের সামনে ত্রাণ রেখে চলে আসছেন তারা।

এই লক্ষে সরফভাটা ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে প্রথম পর্যায়ে সরফভাটার ৫’শ পরিবারে ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। হটলাইনে কল পেলেই রাতের আঁধারে পৌঁছে দেয়া হচ্ছে খাবার। এ ত্রাণের মাধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, ছোলা, পেঁয়াজ সহ নানা খাদ্র দ্রব্য। এছাড়াও করোনা ভাইরাসে সচেতনতামূলক মাইকিং, মাস্ক, হ্যান্ডগ্লাবস, মসজিদ সাফাই ও লিফলেট বিতরণসহ আরো নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরফভাটা ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা বলছেন, তাদের এই খাদ্য সহায়তাকে ত্রাণ নয়, বরং করোনা ভাইরাসে ঘরবন্দি কর্মহীন মানুষের জন্য উপহার হিসেবে দিচ্ছেন তারা। আসন্ন রমজান ও করোনা দুটোকে লক্ষ্য করেই তারা এই ত্রাণ বিতরণ করছেন। সরফভাটা ফ্রেন্ডস গ্রুপের হটলাইন চালু রেখে আরও ত্রাণ বিতরনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।