নিউজটি শেয়ার করুন

মনজুরের বাসায় মেয়র প্রার্থী রেজাউল করিম

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী সাবেক মেয়র এম মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মনজুর আলমের কাট্টলীর বাসভবনে যান রেজাউল করিম চৌধুরী।

সাক্ষাতকালে সাবেক মেয়র এম মনজুর আলম রেজাউল করিমকে বলেন, ‘নগরবাসীর সহযোগিতা ও মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি মেয়র নির্বাচিত হলে এই নগরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণে সচেষ্ট হবেন। হোল্ডিং ট্যাক্স কমিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ নিতে নগরবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি’।

এসময় পরিকল্পিত নগরায়নসহ নগরের বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয় এবং নগরের সার্বিক কার্যক্রমে রেজাউল করিম চৌধুরীকে সহযোগীতা করার আশ্বাস দেন এম মনজুর আলম।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নেছার আহাম্মদ মনজু, আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মদ, সহ সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী, মহানগর যুবলীগের সদস্য আফতাব উদ্দিন রোবেল, মো. আবুল কালাম,  সিটি কলেজের সাবেক জিএস মুহাম্মদ মাসুম চৌধুরীসহ মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।