নিউজটি শেয়ার করুন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে কার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে কাউখালি উপজেলার বেতবুনিয়ার চেহেরীবাজার সুগার মিল ব্রীজের উপর এই দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাওলানা মুহাম্মদ ত্বকি আমিরি (২৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের মাওলানা ওলি উল্লাহ’র ছেলে।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব আলী জানান, মোটর সাইকেল আরোহী ত্বকি রাঙ্গুনিয়া থেকে রাউজান চৌধুরী হাটের তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাচ্ছিল। তিনি সেখানে একটি জুতার দোকান চালাতেন। যাওয়ার পথে রাঙ্গামাটি সড়কের বেতবুনিয়া সুগার মিল ব্রীজের উপর এলে বিপরীত দিক থেকে রাঙামাটি গামী একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী ত্বকি ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তার মস্তিষ্কে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।