সিপ্লাস ডেস্ক: মসজিদে জুমার খুতবাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আবু হানিফ খান (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত ৭ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
তারা হলেন ইমন খান (২৪) ও আবুল খায়ের (৪৮)। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত হানিফ কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।
মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকার কুড়াখাল গ্রামে খুতবা নিয়ে বাইতুন নুর জামে মসজিদে বাকবিতন্ডার এক পর্যায়ে এই সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুরাদনগর ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন জানান, মসজিদের খুতবাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাদের শান্ত করা হয়।








