নিউজটি শেয়ার করুন

মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁকে লরির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ায় ১১ ঘন্টা অন্ধকারে এলাকাবাসী

চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের বাগিচাহাট এলাকার ঝুঁকিপূর্ণ বাঁকে একের পর এক ঘটছে দূর্ঘটনা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দিলে খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ১১ ঘন্টা অন্ধকারে ছিলো এলাকাবাসী।

দোহাজারী হাইওয়ে থানার এটি এস আই সাইফুল ইসলাম ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, চট্টগ্রামমূখী একটি খালি লরি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকায় বাঁক নিতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশের বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে খুঁটিটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াসিন আরাফাত বলেন, গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে।

দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। লরিটির চালক ও হেলপার পলাতক রয়েছে। এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বলেন, ভাঙ্গা খুঁটিটি অপসারণ করে নতুন খুঁটি লাগিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) জুমুআর নামাজের আগে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানায় একটি এজাহার দায়ের করা হবে।

প্রসঙ্গত, বাগিচাহাট ভান্ডারীপাড়া সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ এই বাঁকটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত ১২ নভেম্বর ১৩টন পেঁয়াজবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শবর্তী খাদে পড়ে যায়।

এছাড়া গত ২৬ নভেম্বর ঝুঁকিপূর্ণ এই বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়ি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা বলছেন, বাগিচাহাট থেকে বড়পাড়া পর্যন্ত এলাকায় প্রায় প্রতিদিনই সড়ক দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনাপ্রবণ ঝুঁকিপূর্ণ এই বাঁক সরলীকরণ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।