মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ায় পাহাড়ি এলাকায় বুধবার (১১ আগষ্ট) দুপুর ১টায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় তৈরি বন্দুক ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ একরামুল করিম (৩৫) নামে এক অস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে।
অভিযান পরিচালনাকারী মহেশখালী কুতুবদিয়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া নামক স্থানের একরামুল করিমের বসতঘরে অস্ত্র তৈরিকালে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেফতার করা হয় তাকে।
এসময় তার দখল থেকে ৫টি দেশীয় তৈরি এলজি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতর একরামুল করিম উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন জানান, সে দীর্ঘদিন ধরে তার ঘরে এবং পাহাড়ে তার আস্তানায় অস্ত্র তৈরি করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কাছে সরবরাহ করে আসছিল।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই অস্ত্রের কারিগর আটক এবং অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।








