Site icon CPLUSBD.COM

মহেশখালীতে ছড়া থেকে বালি উত্তোলনে হুমকির মুখে খেলার মাঠ

এ.এম হোবাইব সজীব,মহেশখালী: মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আর্দশ দাখিল মাদ্রাসা চড়া থেকে প্রতিনিয়ত বালি উত্তোলনের ফলে খেলার মাঠটি এখন বিলীনের পথে।

স্থানীয় প্রভাবশালীদের ইন্দনে এ ছড়া থেকে বালি উত্তোলনের কারণে মাঠের সাথে থাকা ছড়ার গাইডওয়ালটি ভেঙ্গে বিলীনের পথে স্কুলের খেলার মাঠ। এমন অসহনীয় দুর্ভোগ নিয়ে স্থানীয় কয়েকজন নেটিজেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ জানিয়েছেন।

কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার শফিউল আল স্ট্যাটাসে লিখেছেন, বাড়ির সদর দরজায় ওয়াল তুলার কাজ চলছে। বিশ্রী হলেও উপায় নেই। বাড়ির ভেতরে পানি ঢোকা রোধ করতে হবে। কারণ বৃষ্টিতে কালারমারছড়ার ছড়ার গাইড ওয়ালের (মাঠের দক্ষিণ-পশ্চিম কর্ণারে) অবশিষ্ট অংশটুকুও বিলীন হয়ে গেছে। এখন যে কোন মুহুর্তে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শ্ব দিয়ে ভেঙ্গে মোহাম্মদ শাহ্ ঘোনা প্লাবিত হতে পারে।

জানা যায়, স্থানীয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের শ্বশুর সাবেক মেম্বার ও বর্তমান কালারমার ছড়া বাজার কমিটির অস্থায়ী এক নেতার নেতৃত্বে একটি সংস্থার দায়িত্বে থাকা নাগু মিয়া নামে এক ব্যক্তিসহ কয়েকজন মিলে মূলত এ ছড়ার বালি উত্তোলন করে বিক্রি করছেন প্রতিনিয়ত।

নাগু মিয়া বালি উত্তোলনের বিষয় স্বীকার করে বলেছেন, বালি তুলতে খোদ স্থানীয় জনপ্রতিনিধি তাকে নির্দেশ দিয়েছেন।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান বলেন, পরিবেশ ক্ষতি হয় বা ছড়া থেকে মাটি তুলে বৈচিত্র্য হুমকির মুখে ফেলার মতো কেউ অপরাধ করলে সে যত প্রভাবশালী হোকনা কেন আমরা সাথে সাথে ব্যবস্থা নিবো।