Site icon CPLUSBD.COM

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত যুবকের নাম মোহাম্মদ হোসেন (২৮)। তার বাড়ি মাতারবাড়ির সিকদারপাড়া এলাকায়।

এর আগে সন্ধ্যায় মহেশখালী থানা পুলিশ মূল হামলাকারী মোহাম্মদ সরওয়ারকে আটক করেছে।

মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ মোবাইল ফোনে জানান, গত ৭ জুন তুচ্ছ বিষয়ের জের ধরে ওই এলাকার মোহাম্মদ সরওয়ারের সঙ্গে মোহাম্মদ হোসেনের সংঘর্ষ হয়। এ সময় সরওয়ার দাঁত মাজার ব্রাশ দিয়ে মোহাম্মদ হোসেনের চোখের ভেতর ঢুকিয়ে দিয়ে চোখ নষ্ট করে দেয়।

এ সময় সরওয়াকে ছুরিকাহত করা হয় বলেও সরওয়ারের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

এ ঘটনার পর আহত মোহাম্মদ হোসেনকে মাতারবাড়িতে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে কক্সবাজার নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এ সময় চোখে গুরুতর আঘাতের কারণে তার ব্রেইনে রক্তক্ষরণ হয় বলে জানান চিকিৎসকরা।

সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হচ্ছিল। সেখানে বুধবার রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।