নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত জলদস্যু নিহত

কক্সবাজারের মহেশখালীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভূক্ত এক জলদস্যু নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-১৫ রামুর উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম।

নিহত জয়নাল আবেদীন ওরফে জয়নাল ডাকাত কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মশিদুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, জয়নাল আবেদীন তালিকাভূক্ত একজন চিহ্নিত জলদস্যু। সাগরে জলদস্যুতাসহ হত্যা, অস্ত্র, অপহরণ, জবরদখল ও ডাকাতিসহ নানা অভিযোগে মহেশখালী ও কুতুবদিয়া থানায় ১৫ টির বেশী মামলা রয়েছে তার বিরুদ্ধে। এসব মামলায় সে পলাতক ছিল।

মেজর রবিউল বলেন, সন্ধ্যায় কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় কিছু সংখ্যক দুর্বৃত্ত জড়ো হয়েছে এমন খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় দেশীয় তৈরী একটি বন্দুক, ৪ টি গুলি ও ১ টি গুলির খালি খোসা।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ মহেশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত জয়নাল আবেদীন ওরফে জয়নাল ডাকাতের লাশ থানায় হস্তান্তর করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।