মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
হতাহতের ঘটনায় চলছে স্বজনদের আহাজারী। নিহতরা হলেন স্থানিয় মাতারবাড়ী মিয়াজী পাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরের পুত্র আহাকান (১২), বলির পাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের পুত্র এরশাদুল রহমান (১০) এবং চকরিয়া হারবাং ইনানি এলাকার বাসিন্দা বেলুন বিক্রিতার ছেলে আলমগীর (৮)।
আহতরা হলেন- মাতারবাড়ী রাজঘাটের কাইছারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২), কালারমারছড়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মারুফ (১২), মাতারবাড়ী সিকদার পাড়া ফরিদুল আলম সাদেকুল ইসলাম রাহাত (১৩), একই এলাকার মগডেইলে আব্দুল মন্নান মোঃ নুরী (১৩), সিকদার পাড়া আব্দুল মোনাফ তুহিন (১৪), পশ্চিম সিকদার পাড়া বদনের পুত্র জয়নাল (১২), সিকদার পাড়ার জসিমের পুত্র শেকাব উদ্দীন (১৫), শাপলাপুর ষাইটমারার নুরুল হকের পুত্র আক্কাস (১৮), শাপলাপুর জেএমঘাটের কবির আহমদের পুত্র নুরী (১৫)।
স্থানিয়রা এ ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বিভিন্ন সভা সমাবেশে গ্যাসের মাধ্যমে বেলুন বিক্রি বন্ধের দাবি তুলেছেন।
জানা যায়, উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসায় চলছে ২দিন ব্যাপী বার্ষিক সভা। শুক্রবার ছিল শেষ দিন। সভায় মালামাল বিক্রির জন্য স্থান করে দেয়া হয়েছে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়েন মাঠে। এতে দুর দুরান্ত থেকে আসা বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেক শিশু-যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। মাতারবাড়ী মানুষ এখন শোকাহত। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা৷
ঘটনাস্থলে পরির্দশন করে সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) জাহেদুল ইসলাম বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

