মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগড়েইলে গ্রামে গত সোমবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে একদল ডাকাত এক প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি সংগঠিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় ডাকাত দল বাড়ীতে ঢুকে তান্ডব চালিয়ে স্বর্ণালংকার ও নগদ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল গ্রামের মৃত বদর উদ্দীনের পুত্র প্রবাসী মোছাব্বর হোছাইন প্রকাশ মনুর বাড়ীতে এ ডাকাতি সংগঠিত হয়।
এ সময় তাদের হামলায় আহত হয়েছেন ওই প্রবাসীর স্ত্রী বাড়ির গৃহকর্মী মানিক আরা বেগম।
ঘটনার খবর পেয়ে ২৫ মে মঙ্গলবার মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের আইসি শাখাওয়াত সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাড়ীর মালিক মনু ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিনের ন্যায় বাড়ীর সদস্যরা বাজার থেকে ফিরতে দেরি হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে অস্ত্রের মুখে মহিলা সদস্যদের জিম্মি করে একই এলাকার চিহ্নিত সশস্ত্র ১৫ থেকে ২০ জনের ডাকাত দল অতর্কিত বাড়ী ভিটার দক্ষিণ পার্শ্বের টিনের আঙ্গিনা কেটে বাড়ীর ভেতরে ঢুকে নিজ স্ত্রীকে বেধক মারধর করে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা লুঠ করে নিয়ে যায়।
তিনি আরো জানান, ওই দিন মেয়ের বিবাহের জন্য উভয়পক্ষের সম্মতিক্রমে ফর্দ করে বিবাহের জন্য বিদেশ থেকে টাকাও স্বর্ণালংকার আনা হয়েছিল। কিন্তু তারা তা জানতে পেরে এ ন্যাক্কারজনক হামলা, ভাংচুর ও লুঠপাটের ঘটনা ঘটায়।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ ফেলে তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








