Site icon CPLUSBD.COM

মহেশখালী পৌরসভায় নৌকার জন্য ৫ জনের নাম ঢাকায়

এ.এম হোবাইব সজীব, মহেশখালীঃ কক্সবাজারের মহেশখালী পৌরসভায় আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ মার্চ নির্বাচন কমিশন (ইসি) তপশিল ঘোষণা করেছে। আগামী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। উপজেলার মহেশখালীতে সরকার দলীয় আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইতিমধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে একাধিক প্রার্থী।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচার প্রচারণায় সরব হয়ে উঠেছে পৌর এলাকা। চায়ের দোকানে ভোটার মাঝে চলছে আলোচনার ঝড়। কে হচ্ছেন নৌকার মাঝি।

আওয়ামী লীগের একাধিক সূত্রে জানাগেছে, মহেশখালী থেকে মেয়র পদে ৫জন প্রার্থীর নাম চুড়ান্ত করে কেন্দ্রে প্রেরন করা হয়েছে। জেলা থেকে চুড়ান্ত করা মহেশখালী পৌরসভার মেয়র পদে নৌকার মনোনয়নের জন্য যে ৫ জনের নাম কেন্দ্রে সুপারিশ করা হয়েছে তারা হলেন, বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক মকছুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, তাতীলীগ নেতা সাদেক উল্লাহ সিদ্দিকি, আওয়ামীলীগ নেতা শামশুল আলম ও মোঃ শাহানেওয়াজ কামাল।

বর্তমান মেয়র মকছুদ মিয়ার শাসন আমলে পৌর এলাকায় আমূল্য পরিবর্তন, পৌর আওয়ামী লীগের আহবায়ক, জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে তার ঘনিষ্ট সম্পর্ক থাকার সুবাদে তিনি নৌকার মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন শীর্ষনেতা জানায়, মহেশখালী পৌরসভা নিয়ে ইত্যিমধ্য কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। তাই আগামী পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় ধরে রাখতে, একজন ত্যাগী, দলের জন্য নিবেদিত প্রাণ ও জনপ্রিয় ব্যক্তিকে নৌকা মনোনয়ন দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কি সকল জল্পনা-কল্পনা বাদ দিয়ে নতুন চমক নিয়ে আসছে কি নৌকা? নাকি আবারও নৌকার মাঝি হচ্ছেন বর্তমান মেয়র মকছুদ মিয়া। সেই হিসাব মিলাতেই ব্যস্ত সাধারন ভোটার থেকে শুরু করে মহেশখালীর সর্বস্তরের জনসাধারণ।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী বলেছেন, মহেশখালীতে তৃনমূলের সুপারিশ, ত্যাগী ও জনপ্রিয় ব্যাক্তিদের নাম মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র যাচাই বাছাই করে প্রার্থী মনোনয়ন দিবে।

ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।