কাতারের দোহাতে অনুষ্ঠেয় সপ্তম আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে (ডিআইএমডিইএক্স) অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ চট্টগ্রাম ত্যাগ করেছে।
সফরকালে জাহাজটি যাত্রাপথে শ্রীলংকার কলম্বো ও ভারতের মুম্বাই বন্দর এবং দেশে ফেরার পথে ওমানের মাসকাট ও ভারতের কোচিন বন্দরে শুভেচ্ছা সফর করবে।
মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ‘বানৌজা স্বাধীনতা’ চট্টগ্রাম নৌ জেটি ছেড়ে যাওয়ার সময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়।
এ সময় সিএসও টু কমান্ডার বিএন ফ্লিট ক্যাপ্টেন কুতুব উদ্দিন মোহাম্মদ আমানত উল্লাহ্সহ নৌ কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
মহড়া শেষে জাহাজটি আগামী ৬ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।








