নিউজটি শেয়ার করুন

মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের ৮ জন নিহত

সিপ্লাস ডেস্ক: ময়মনসিংহে মৃত স্বজনকে দেখতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে ডুবে ৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে জেলার ফুলপুর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলার গফরগাঁও থেকে আত্মীয়ের মৃত্যু সংবাদে স্বজনরা শেরপুর জেলার নালিতাবাড়ীতে যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন- রেজিয়া খাতুন (৭০), পারুল (৪৫), বেগম (৩০) ও রিপা(২৫)।

মাইক্রোবাসে থাকা আহত রতন জানান, চালকসহ তাঁরা ১৫ জন ছিলেন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

ফুলপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে ঘটনাস্থল থেকে লিডার আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।