Site icon CPLUSBD.COM

মাঠের রাজনীতিতে ফিরতে চান বাকের- কোন দিকে যাচ্ছেন ? আলোচনা সর্বত্র!

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের।

কয়েক মাস কারাভোগের পর সম্প্রতি তিনি এ মামলা থেকে জামিন পান। বর্তমানে বাকের চট্টগ্রাম শহরে অবস্থান করলেও মাঠের রাজনীতিতে অনুপস্থিত।

উত্তর জেলা আওয়ামী লীগের বিগত কমিটিতে বাকের সদস্য পদে থাকলেও বর্তমান কমিটি থেকে ছিটকে পড়েন।

গত উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেয়া এবং রাশেদ কামাল হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার কারণে জেলা কমিটি থেকে তাঁর বাদ পড়া। এমনও প্রচার আছে ফটিকছড়িতে।

জানা গেছে, আগামী দু’য়েক মাসের মধ্যে বড় আকারের শোডাউন করে ফটিকছড়ির মাঠের রাজনীতিতে ফিরতে চান সাবেক এ ছাত্রনেতা।

অন্যদিকে, বাকের স্থানীয় রাজনীতিতে প্রথম দিকে উপজেলা আওয়ামীলীগের মূল ধারার সাথে থাকলেও গেল উপজেলা নির্বাচনে অবস্থান পরিবর্তন করে বিপরীত মেরুতে চলে যান । বর্তমানে ফটিকছড়ির আওয়ামী লীগে দুটি ধারা বিরাজমান। মূলধারায় নেতত্ব দিচ্ছেন গোলাপ-নাজিম মুহুরী। অন্যটিতে তৌহিদ বাবু-তৈয়ব। জানা গেছে, সময়ের ব্যবধানে ফটিকছড়ির আওয়ামী রাজনীতিতে ঘটতে পারে নানা চমক।

এমন আভাস, ঘুর পাক খাচ্ছে। বাকের ফের রাজনীতিতে সক্রিয় হলে কোন ধারার সাথে থাকছেন ? তা এখন দেখার বিষয়।

এ নিয়ে সৈয়দ বাকেরের সাথে কথা হলে তিনি বলেন, রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে এ মামলায় জড়িয়েছে। আল্লাহ সহায় থাকলে কেউ কাউকে অন্যায়ভাবে ফাঁসাতে পারে না।

তিনি আরো বলেন, সত্য কখনো চাপা থাকে না। মানুষ একদিন সত্যটা জানবে।