সিপ্লাস প্রতিবেদক: মহেশখালীর মাতারবাড়ি এলাকার গভীর সমুদ্রে নোঙর ছিঁড়ে একটি বড় জাহাজ নোঙর করে থাকা আরেকটি জাহাজকে ধাক্কা দিয়েছে। এতে দুই জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক জানান, তীব্র স্রোতের কারণে রোববার সকালে মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় নোঙর করে থাকা বাণিজ্যিক জাহাজ এমভি আর্চাগ্রিলস গ্র্যাবিয়েলের সাথে এমভি ডেনসার প্যানথারের সংঘর্ষ হয়।
কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার পরপর কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতা করে।
এতে বলা হয়, প্রচণ্ড স্রোতের কারণে মাতারবাড়ি গভীর সমুদ্রে নোঙর করে থাকা অ্যামোনিয়াম ফসফেট বহনকারী বাণিজ্যিক জাহাজ এমভি আর্চাগিলস গ্র্যাবিয়েলের দুটি নোঙরই ছিঁড়ে গিয়ে অপর জাহাজ এমভি ডেনসার প্যানথারকে ধাক্কা দেয়।
সংঘর্ষের ফলে ডেনসা প্যানথার জাহাজের ‘শিপস সাইডের একটি প্লেট’ ভেঙে যায়। এছাড়া জাহাজ দুটির আরও কিছু ক্ষতিও হয়েছে বলে কোস্টগার্ড জানায়।
কোস্টগার্ডের জাহাজ ঘটনাস্থলে গিয়ে জাহাজ দুটির ক্যাপ্টেনের সাথে কথা বলে ক্রুদের বিষয়ে খবর নেয়। জাহাজ দুটি মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় নিরাপদে আছে বলে জানানো হয়েছে।

