নিউজটি শেয়ার করুন

মাদক ব্যবসায়ীদের ইয়াবা ও টাকা আত্মসাৎ, ৩ পুলিশ কনস্টেবলসহ ৬জন কারাগারে

সিপ্লাস প্রতিবেদক: সাতকানিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের পর তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ও অর্থ আত্মসাত করে ছেড়ে দেয়ার অভিযোগে গ্রেফতার তিন পুলিশ কনস্টেবলসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৯ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ঘটনায় জড়িত তিন পুলিশ সদস্য হলেন- সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের কনস্টেবল শাহ মোহাম্মদ হাসান (২৭), আরাফাত নাজিম উদ্দীন (২৬) ও বিমল চাকমা (৪৬)। আর বাকি তিনজন হলেন আরাফাত, বেলাল ও সোলায়মান। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায় নি।

মঙ্গলবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

জানা গেছে, গত ৬ আগস্ট ঢেমশার নাপিতের চর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক কারবারির কাছে থাকা ইয়াবা ও মাদক বিক্রির টাকা অভিযুক্ত ওই পুলিশ সদস্যরা জব্দ করেন। তবে তারা বিষয়টি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে অবহিত করেননি। তারা ইয়াবা ও টাকা রেখে আসামিকে ছেড়ে দেন। এরপর দুই দিন ধরে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে জব্দ করা হয় আসামি থেকে উদ্ধার করা ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা।

এই ঘটনায় সাতকানিয়া ঢেমশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে তিন পুলিশ কনস্টেবলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ৬ জনকে সোমবার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here