নিউজটি শেয়ার করুন

মাদক ব্যবসায়ীদের নতুন তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন ডিআইজি

কক্সবাজার ব্যুরোঃ  মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে তাদের নতুন তালিকা তৈরী করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।

মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর ) দুপুরে কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিআইজি আনোয়ার বলেন, মাদক ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের নতুন তালিকা তৈরী হবে। তালিকা করে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি ধরণের মামলা আছে, কার প্রোফাইল কি; সকল কিছু যাচাই করে ব্যবস্থা নেয়া হবে। কক্সবাজারের সকল পুলিশ সদস্য একযোগে বদলী হওয়াকে অবশ্যই একটি ব্যতিক্রমি ঘটনা। এখানে পুলিশের সকল সদস্যই নতুনভাবে যোগদান করেছেন। একসঙ্গে সবাই পরিবর্তন হয়েছে। নতুনভাবে যারা কাজে যোগদান করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করা, তাদের কাজের গতিশীলতা আরো বৃদ্ধি করা এবং তাদের সবাইকে পেশাদারিত্বে সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। “ এখানে পুলিশ সুপারও নতুন। অন্যান্য সিনিয়র লেভেলে সকল পুলিশ অফিসারই নতুন এমন কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও। তারা যে লক্ষ্য নিয়ে এখানে এসেছে আমরা সেই লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। ” শান্তি-শৃংখলা রক্ষার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা আছে সেটা পেশাদারিত্বের সাথে পালন করতে চান বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, অপরাধ প্রবণ এলাকাগুলো আছে সেখানে টহল পুলিশ বাড়ানো হবে। পুলিশের চলমান রুটিন কাজে জোর দেয়ার পাশাপাশি পুলিশের সকল পর্যায়ে শৃংখলা থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকল প্রকার দুর্নীতি থেকে সকলে বিরত থাকা এবং সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।

এসময় কক্সবাজার সদর থানা পরিদর্শনকালে জেলার নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান সহ পুলিশের জেলার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।