নিউজটি শেয়ার করুন

মাদক মামলায় পতেঙ্গার সেই আবছারের ৪ বছরের কারাদণ্ড

সিপ্লাস প্রতিবেদক: মাদক মামলায় পতেঙ্গার নুরুল আবছারকে চার বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের যুগ্ম মহানগরের পঞ্চম দায়রা জজ আদালতের বিচারক জহির উদ্দিন এ রায় দেন।

নুরুল আবছার চট্টগ্রামের পতেঙ্গা থানার দক্ষিণপাড়া ‘কোনার দোকান’ নাগর আলীর বাড়ির বদিউল আলমের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩ জুন নগরের পতেঙ্গা নেভাল রোডের চাইনিজ ঘাটের সামনে থেকে একটি বস্তাসহ নুরুল আবছারকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। বস্তাটি থেকে ৪০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

পরে এ ঘটনায় পুলিশ নুরুল আবছারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এরপর মামলাটির বিচার কাজ শুরু হয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে।

এদিকে বিদেশি মদসহ তাকে হাতেনাতে ধরলেও পরে জেল থেকে ছাড়া পেয়ে পুলিশ সদস্যদের হয়রানি করতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নুরুল আবছার। আদালতের নির্দেশে সেই মামলা তদন্ত করে দুর্নীতি দমন কমিশন।

দুদকের তদন্তে নুরুল আবছারের মামলা মিথ্যা প্রমাণিত হয়। দুদকের প্রতিবেদনে নুরুল আবছারের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে উল্লেখ করা হয়। পরে মিথ্যা অভিযোগ করায় নুরুল আবছারের বিরুদ্ধে দুদক বাদী হয়ে মামলা দায়ের করে।

দুদকের ওই মামলায় গত ৯ ফেব্রুয়ারি নুরুল আবছারকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় জজ ও মহানগর স্পেশাল দায়রা জজ আশফাকুর রহমান।