সিপ্লাস ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার স্বরুপদহ সিরাজুল উলুম মরিয়ম নেছা মহিলা মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদেরের (৪২) লালসার শিকার হন ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির এক আবাসিক ছাত্রী।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের পলাতক রয়েছে।
সূত্র জানায় ৩ অক্টোবর বিকেলে ওই মাদ্রাসার এক ছাত্রীর অভিভাবক তার মেয়ের খাবার দিতে আসলে অফিস কক্ষে শিক্ষক-ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। বিষয়টি গতকাল সোমবার সকালে ভিকটিমের পরিবারকে অবহিত করলে ওই ছাত্রীর মা মাদ্রাসায় এসে তার মেয়ের নিকট থেকে বিস্তারিত ঘটনা শুনেন। অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার তার বয়স নির্ধারণ ও স্বাস্থ্য পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন হবে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।








