প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রতিষেধক মানবদেহে প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার মানবদেহে কোভিড-১৯ এর প্রতিষেধক প্রয়োগ করা হবে বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন।
সিয়াটলে অবস্থিত জাতীয় ইনস্টিটিউট অব হেলথে, প্রাথমিক অবস্থায় একজনের দেহে এ পরীক্ষা চালাবেন চিকিৎসকরা। পর্যায়ক্রমে শারীরিকভাবে সুস্থ ৪৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে এটি প্রয়োগ করা হবে।
দেশটির জনস্বাস্থ্য বিভাগের মতে, ভালো ফল পাওয়া গেলে, এর চূড়ান্ত পরীক্ষা করতে আরও এক বছরের বেশি সময় লাগবে। চীনের উহান থেকে ছড়ানো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন।
ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫১৫ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৮৫ হাজার ২৪৭ জন। চিকিৎসাধীন ৭৯ হাজার ৩২৬ জনের অবস্থা স্থিতিশীল। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ৫ হাজার ৯২১ জন।
চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৫৯ জন; আর প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২১৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৮০৯ জন।








