‘সমাজসেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় র্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সমাজসেবা দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মোহনা মিলনায়তনে পূর্ব নির্ধারিত আলোচনা সভায় মিলিত হন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদউল্লাহ মিয়ার সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, দেশের উন্নয়নে সমাজসেবীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যখন দেশের দায়িত্ব নেন তিনি সমাজের উন্নয়নে কাজ করতে শুরু করেন। তারই ধারবাহিকতায় বঙ্গন্ধু তনয়া বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের এবং দেশের উন্নয়নে নিরলশভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমাদের সকলকে প্রধানমন্ত্রীর সেই পরিশ্রম যাতে বৃথা না যায় সেদিকে নজর রাখতে হবে। সমাজের প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে যদি সমাজের উন্নয়নে কাজ করি তাহলে দেশ আরো বহুদুর এগিয়ে যাবে।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, সহকারি কমিশনার (ভুমি) তানভীর হোসেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, এ্যাডভোকেট শহিদুল্লাহ, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোর্শেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বদরখালী এতিমখানাকে শ্রেষ্ঠ এতিমখানা, সেচ্ছাসেবী সংস্থা দীপকে সেরা সংস্থা এবং শ্রেষ্ট সমাজসেবী হিসেবে শংকর দাশকে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া পৌরসভার ৩নংম্বর ওয়ার্ডের মোজাম্মেল হক নামে এক ব্যক্তিকে ১০হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য এমপি জাফর আলম। সম্প্রতি মোজাম্মেল হকের মেয়ের শরীর আগুনে পুড়ে যায়।








