নিউজটি শেয়ার করুন

মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে র‌্যাব: হাটহাজারীতে ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে মহপরিচালক

সিপ্লাস প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করে আসছে র‌্যাব। দিনে দিনে মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে র‌্যাব।

রোববার (১৪ জুন) দুপুরে হাটহাজারীতে র‌্যাবের নতুন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, হাটহাজারীতে র‌্যাবের ক্যাম্প স্থাপন করেছি আমরা। এ ক্যাম্প স্থাপন করতে দীর্ঘদিন চিন্তা করছিলাম আমরা। ভালো জায়গা খুঁজছিলাম। অ্যাসেসমেন্ট, আলোচনা করেছি। হাটহাজারীর মানুষ, স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের ছাত্র ছিলাম। হাটহাজারীতে অনেকবার আসা হয়েছে। হাটহাজারীর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আশা করছি আমার সে আত্মিক সম্পর্ক র‌্যাব ফোর্সেসের মাধ্যমে জারি থাকবে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

ক্যাম্প উদ্বোধন শেষে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন হালদা নদী পরিদর্শনে যান। হালদার জীব বৈচিত্র্য রক্ষায় র‌্যাব সদস্যরা কাজ করবেন বলে জানান তিনি।

র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প (সিপিসি-২) এর ক্যাম্পের কোম্পানী কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে র‌্যাব-৭ এর মেজর মো. মুশফিকুর রহমানকে।

র‌্যাব-৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, কাপ্তাইসহ রাঙ্গামাটি অঞ্চলে অপরাধ দমনে কাজ করবেন।