নিউজটি শেয়ার করুন

মামনুলকে ‘সমাজ সংস্কারক’ আখ্যায়িত করে যুবক উধাও

সিপ্লাস ডেস্ক: হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট দেয়ায় গোপালগঞ্জে এক মাদরাসাছাত্রকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ওই মাদরাসাছাত্রের নাম মো. হাবিবুল্লাহ শরীফ। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া শরীফ পাড়ার বাসিন্দা। তার বাবার নাম এনায়েত শরীফ। তার বাবা একজন মাদরাসা শিক্ষক। বর্তমানে পলাতক রয়েছেন ওই মাদরাসাছাত্র।

সম্প্রতি হাবিবুল্লাহ শরীফ তার ভিডিও বার্তায় বলেন, ‘আমরা দেখতে পেয়েছি, মুহতারাম মাওলানা মামুনুল হক সাহেব ও তার সেকেন্ড স্ত্রীর সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণকারী কয়েকজন সন্ত্রাস টেরোরিস্টকে। তাদেরকে পালন করে শুধুমাত্র সমাজটাকে ধ্বংস করার জন্য, অপকর্ম করে বিশৃঙ্খলা করে সহিংসতা চালিয়ে কিভাবে সমাজ তাকে ধ্বংস করা যায়।’

তিনি তার ৫ মিনিটের ভিডিও বার্তায় বলেন, ‘মামুনুল হক এদেশের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তার সন্তান, আজিজুল হক সাহেবের সন্তান।’

এমনকি তিনি হেফাজতের এই নেতাকে ‘একজন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও সমাজ বিজ্ঞানী’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

ওই ছাত্রের বিষয়ে কাশিয়ানীর পারুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকিমুল ইসলাম বলেন, ‘এই ধরনের লোক আমাদের এলাকায় আগে ছিল না। হাবিবুল্লাহ আমাদের এলাকাকে একটি প্রশ্নবোধক এলাকার মধ্যে ফেললো। সে আগে মাদরাসায় লেখাপড়া করতো। এখন কী করে তা বলতে পারছি না।’

জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মাদরাসাছাত্র হাবিবুল্লাহর ব্যাপারে সব তথ্যই পুলিশের কাছে রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে সে পলাতক রয়েছে।

তদন্তের স্বার্থে তার বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।