রাউজান প্রতিনিধি: রাউজানে মামার বাড়ীতে বেড়াতে এসে খালে ডুবে তানভীর হোসেন (৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার ( ১৩ জুন) দুপুর ২টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ সর্তা এলাকায় তাঁরা মিয়া মেম্বারের বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কিশোর ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের শান্তির হাট আমতলা গ্রামের মো. আকতার হোসেনের মেঝ ছেলে।
নিহতের নিকটাত্মীয় মোহাম্মদ আলী জানান, কিশোর তানভীর আমার চাচাতো বোন ইয়াসমিনের ছেলে। তিনি মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসে মামার বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। খেলার এক ফাঁকে মামার বাড়ির পাশের থাকা সর্তা খালের পানিতে গোসল করতে নেমে পানির স্রোতে তালিয়ে যায় তানভীর। এ সময় সাথে থাকা কিশোরদের চিৎকারে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, দুই ভাই বোনের মধ্যে সে সবার ছোট।








