সিপ্লাস ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা ও ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার আর্জি ফিরিয়ে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ২৮ এবং ৩১ ধারায় অভিযোগ এনে মামলার আবেদন করেছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।
পরে বিচারক আসসামছ জগলুল হোসেন বাদীর বক্তব্য শুনে থানায় মামলা দায়ের করার পরামর্শ দিয়ে আরজি ফিরিয়ে দেন।
মামলার আর্জিতে বলা হয়, গত ১৩ নভেম্বর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ যুব খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে মামুনুল হক বলেন, “বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেওয়া হবে না। প্রয়োজনে লাশের পর লাশ পড়বে। আবার শাপলা চত্বর হবে।”
সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। মামুনুল হকের বক্তব্যের পর একটি শ্রেণি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে একের পর এক বক্তব্য দিচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে অভিযোগে উল্লেখ করেন বাদী।








