সিপ্লাস ডেস্ক: একটি সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার দায়ে তুরস্কে মার্কিন দূতাবাসের এক স্থানীয় কর্মীকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় একটি আদালত।
রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় নিয়েও এই দুই মিত্রের বিবাদ রয়েছে। এ ছাড়া উত্তরপূর্ব সিরিয়ায় কুর্দিশ যোদ্ধাদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, যাদের সন্ত্রাসী সংগঠন মনে করে তুরস্ক।
মার্কিন ড্রাগ ইনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের(ডিইএ) অনুবাদক হিসেবে ইস্তানবুলের কনস্যুলেটে কাজ করতেন মাতিন তপুজ।
বর্তমানে কারাগারে রয়েছেন এই অনুবাদক। প্রথমে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সরকার পতনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল।
মার্চে এক কৌঁসুলি বলেন, এসব অভিযোগ থেকে তাকে খালাস দেয়া উচিত। তার বদলে একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে তিনি ১৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
এ বিষয়ে জানতে মাতিনের দুই আইনজীবীর সঙ্গে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, আদালতের রায়ে সমর্থনে কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্যপ্রমাণ নেই। এই কারাদণ্ডের কারণে তুর্কিশ প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা খর্ব হবে।








